আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। পরে বিভিন্ন স্থান অতিক্রম করে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ হবে।
মামুনুল হক বলেন, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিও লংমার্চে তুলে ধরা হবে। আগের দুটি লংমার্চের মতো এবারও ব্যাপক জনসমাগমের আশা প্রকাশ করেন তিনি।
লংমার্চে বাধা সৃষ্টি করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।