রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, বেলুন উড়ানো, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরুদাসপুরে মৎস্য চাষের অপার সম্ভাবনা ও এ খাতের উন্নয়ন নিয়ে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন কুমার, সংসদ সদস্যের কনিষ্ঠপুত্র সোহাগ ও বিএনপি নেতা দুলাল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম রাফিউল ইসলাম, সংসদ সদস্যের বড় ছেলে মিন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি ও সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।