কিশোরগঞ্জের ইটনা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত নাঈম (১৫) নামে এক শিক্ষার্থী গত চার দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো—মুদিরগাঁও গ্রামের ইছুব মিয়ার ছেলে ও জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাঈম (১৫), মাহাবুবের ছেলে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুসাঈন (১৬) এবং নজরুল ইসলামের ছেলে ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী রাহাত (১৭)। আহত মুসাঈন ও রাহাতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন স্কুল ছুটির পর তিন শিক্ষার্থী বাড়ি ফিরছিল। মুদিরগাঁও এলাকায় পৌঁছালে একই এলাকার গোলাপ মিয়ার ছেলে আকাশ (১৫) ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনজনই আহত হয়।
হামলায় নাঈমের বুক ও পেটে গুরুতর আঘাত লাগে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজনদের ভাষ্য, বর্তমানে নাঈম আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত কিশোর এর আগেও এলাকায় মারামারিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছে। এসব বিষয়ে তার পরিবারের কাছে অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।