সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে এইচএসসি-২০২৬ পরীক্ষা স্থগিত, পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার তালতলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন। তাদের মধ্যে ছিল— “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”, “তুমি কে আমি কে, ফার্মের মুরগি”, “আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে” ইত্যাদি।
শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন না। বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারীরা অবিলম্বে এইচএসসি-২০২৬ পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাপ্ত করে এলাকা ত্যাগ করেন।