সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আগামী দুই বছরের মধ্যে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৯২টি সড়কে প্রায় ৭০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।
তিনি বলেন, পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে উপজেলার আর কোনো উন্নয়নকাজ বাকি থাকবে না।
আজ শনিবার বিকেলে উপজেলার করটিয়াপাড়া এলাকায় যাদবপুর ইউনিয়নের নলুয়া–গাজীপুর জিসি–বেলতৈল সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার কৃচ্ছসাধনের নীতি অনুসরণ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন। আমরাও বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা ১০০ টাকায় লাঞ্চ করি।
বক্তব্যের একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি লোডশেডিং প্রসঙ্গে বলেন, বিগত সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট করেছে। ভারতের ওপর নির্ভরশীলতা কমে যাওয়ায় সেখান থেকে বিদ্যুৎ সরবরাহও কমেছে। এ কারণে সাময়িকভাবে লোডশেডিং হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে। কিছুদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করেন না। দেশের মানুষ যখন কষ্ট সহ্য করছে, তখন আমাদেরও কৃচ্ছসাধনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সহসভাপতি রফিকুল ইসলাম, বজলুর রহমান ভূঁইয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্যরা।
এর আগে মন্ত্রী সৃষ্টি সংঘ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।