রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের নামে ছয় শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক কলেজের কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাব্বির হোসেন শাওন (২৮)। তিনি শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে এবং মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজে আউটসোর্সিং ভিত্তিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সাব্বির হোসেন শাওন ছয়জন এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে তাদের পরীক্ষার ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি কোনো শিক্ষার্থীর ফরম পূরণ করেননি।
পরীক্ষা শুরুর আগের দিন শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে গিয়ে জানতে পারেন, তাদের নামে কোনো পরীক্ষার ফরম পূরণ হয়নি এবং প্রবেশপত্রও ইস্যু করা হয়নি। পরে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে রোববার ভোর ৪টা ২০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আসামির বোনের বাড়ি থেকে সাব্বির হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফরম পূরণের কথা বলে ২৭ হাজার টাকা গ্রহণ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।