:মোঃ সোবেল মিয়া, নাসিরনগর প্রতিনিধি:
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে রাজপথে সজাগ থাকার ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের নেতৃত্বে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ রাজপথ থেকে এমন হুঁশিয়ারি দেন।
নেতৃবৃন্দ বলেন, “একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের যেকোনো অপচেষ্টা রুখে দিতে আমরা সব সময় রাজপথে আছি এবং থাকব। দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
তারা আরও জানান, যেকোনো মূল্যে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠে তৎপর রয়েছে। কোনো অপশক্তিকে নাসিরনগরের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।