আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় বিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, কাদরা ইউনিয়নের খলিফাপাড়ার মেহেদী হাসান দুলাল (১৮) ও আবু ইউসুফ ফাহিম (১৮) এবং সেনবাগ পৌরসভার বাতানিয়া এলাকার
মাহফুজুল ইসলাম (১৮) বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অষ্টম শ্রেণির দুই ছাত্রীর হাতে ‘আই লাভ ইউ’ লেখা চকলেট তুলে দেন। বিষয়টি অন্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তিন কিশোর ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।
প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তরা সহযোগিতা করেনি। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার গণমাধ্যম কর্মীদের বলেন , যেহেতু ঘটনায় অপ্রাপ্তবয়স্করা জড়িত রয়েছে, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।