রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি বড় ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে।
১৭ জুন রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় বিজিবি’র একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি’র (বর্ডার আউটপোস্ট) একটি টহলদল নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন সীমান্তের প্রায় ০৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘নিমসার বাজার’ নামক স্থানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এই শাড়ীগুলোর সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৬৮,০০,০০০/- (আটষট্টি লক্ষ) টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে আসছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনকারী এই চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি’র এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১০ বিজিবি কর্তৃক জব্দকৃত এই বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।