মুন্সিগঞ্জ প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে গুয়াগাছিয়া ইউনিয়নের নয়টি গ্রামের নয়টি মসজিদের জন্য প্রতিটিতে ৩ লাখ টাকা করে মোট ২৭ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া গুয়াগাছিয়া কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য আরও ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক আমিন উদ্দিন বেপারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান রতন বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সম্মান অর্জনই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। এজন্য সকলকে সৎ ও জনকল্যাণমুখী জীবনযাপনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।