মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিশু আছিয়া ও রাজধানীর মীরপুরে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আছিয়া ও রামিসাসহ সারা দেশে ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. মজিবর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির কবির হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মহাসিন মুন্সীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।