ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে “ভূমি সেবা মেলার”শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমিও, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল, মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদান করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।
মেলায় আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি অনলাইনে ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কেও সচেতনতা তৈরি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের ভূমি সেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর করবে।