মাহিনুর ইসলাম , বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাবার বাড়ির রান্নাঘর থেকে ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ময়না গঞ্জু ওই বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সুকিন্দর গঞ্জুর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। ওই চিরকুটে ‘বিশ্বজিৎ’ নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক অভিমানের কথাও লিখে গেছেন ওই গৃহবধূ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত টানাপোড়েন ও মানসিক অবসাদের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়নার বিয়ে হয়। তবে দীর্ঘ দাম্পত্য জীবনে সন্তান না হওয়াকে কেন্দ্র করে তাদের সংসারে কলহ দেখা দেয়। প্রায় এক বছর আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করায় ময়না মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্থানীয়দের ধারণা।
কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে সম্পর্কের অবনতি থেকেই তিনি এই পথ বেছে নিতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, “ময়না গঞ্জুর লাশের পাশ থেকে তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে তার প্রেমিকের নামসহ মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।