মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
ড. হাফিজুর রহমান দীর্ঘদিন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন। তবে পরবর্তীতে আসনটি কার্যকর না থাকায় নির্বাচনে অংশ নেওয়া হয়নি তার।
এবার তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হলো।
প্রার্থী ঘোষণার পর ড. হাফিজুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা, নাগরিক সেবা সহজীকরণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা তার প্রধান অগ্রাধিকার হবে। এছাড়া যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণমুক্ত একটি আধুনিক ও বাসযোগ্য গাজীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।