নরসিংদীর পলাশ উপজেলায় রামিম (৯) নামে এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (০৬ মে) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়।
সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে ‘দুষ্টামির ছলে’ রামিমের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়।
এই পরিস্থিতিতে সাথেই সাথেই শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে চলুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে উপস্থিত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব আসকারী জানান, উচ্চগতিতে পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করার ফলে শিশুটির নাড়ির কোনো একটি অংশ ছিদ্র হয়ে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে।
যার ফলে সে শ্বাসকষ্ট ও প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাৎক্ষণিক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।