মোঃ তাজুল ইসলাম , ( সুবর্ণচর প্রতিনিধি)
অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৬ মেয়াদের কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ৪৭ ভোটের ব্যবধানে সভাপতি পদে জয়লাভ করেছেন সমিতির সাবেক সাতবারের নির্বাচিত সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। এর মধ্য দিয়ে তিনি রেকর্ড অষ্টমবারের মতো এই মর্যাদাপূর্ণ পদের দায়িত্ব পেলেন।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সমিতির মোট ৬২৫ জন ভোটারের মধ্যে ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নীল, সবুজ ও সাদা—এই তিনটি প্যানেলে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ী সভাপতি এবিএম জাকারিয়া নীল প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তুহিন চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে গোলাম হোসেন সুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মহিন উদ্দিন আহমেদ খসরু ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হাসানুজ্জামান এবং সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল গোফরান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
সকাল থেকেই ভোটকেন্দ্র এলাকায় আইনজীবীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এজেডএম ফারুকের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচন শেষে শুরু হওয়া ভোট গণনাকে কেন্দ্র করে আইনজীবীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে।