সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীম এক চাঞ্চল্যকর দাবি করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ১৯৭১ সালে গান পয়েন্টে দাঁড়িয়ে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
ভিডিওতে এখানেই থেমে থাকেননি কাজী ইব্রাহীম। তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারদের বিরুদ্ধে ব্যবহৃত জনপ্রিয় স্লোগান ‘ধর ধর’ তিনিই প্রথম দিয়েছিলেন। ভিডিওতে তাকে আত্মবিশ্বাসের সঙ্গে এসব বক্তব্য উপস্থাপন করতে দেখা যায়, যা ঐতিহাসিকভাবে প্রচলিত তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকেই।
এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ এই বক্তব্যকে ভিত্তিহীন ও ইতিহাস বিকৃতির শামিল বলে সমালোচনা করছেন। কেউ কেউ বিষয়টিকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করে বলছেন, এ ধরনের দাবি নতুন প্রজন্মের কাছে ইতিহাস নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে।
উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের কারণে মুফতি কাজী ইব্রাহীম এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন। তার এই সাম্প্রতিক দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলমান রয়েছে।
