ঢাকা-১৮ সংসদীয় আসনে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব-কে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞপ্তিতে আশরাফুল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি ঢাকা-১৮ আসনের মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং এলাকাবাসীর ভালোবাসা ও সংগঠনের আস্থায় সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করে গেছেন। ভোটারদের চোখে যে প্রত্যাশার আলো তিনি দেখেছেন, তা তার রাজনৈতিক জীবনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি জোট শরিক জাতীয় নাগরিক পার্টি-এর প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। একজন অনুগত কর্মী হিসেবে এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছেন উল্লেখ করে আশরাফুল হক বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ তার কাছে অধিক গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেভাবে তিনি সমর্থন পেয়েছেন, ঠিক একইভাবে জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।