মুন্সিগঞ্জ প্রতিনিধি
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে মুন্সিগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ইসিতে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়।
এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলার তথ্য গোপনের অভিযোগ তুলে মুফতি নুরানীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন মুন্সিগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
শনিবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন মুফতি নুরানীর পক্ষে রায় প্রদান করে। ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুফতি নুর হোসাইন নুরানী বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, এখন থেকে পুরোদমে নির্বাচনি মাঠে সক্রিয় হয়ে প্রচারণা চালাবেন।
স্থানীয় রাজনৈতিক মহল ও ভোটারদের মতে, মুফতি নুরানীর প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো। বিশেষ করে ধর্মভিত্তিক ও জোটসমর্থিত ভোটের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক সূত্র জানায়, তিনি জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সমর্থনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যদিও জোটের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।