জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ও ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান পরিষদের ভিপি (সহসভাপতি) প্রার্থী এ কে এম রাকিব বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন, সবাই একসাথে কাজ করবে। তিনি বলেন, জকসু নির্বাচন কোনো ব্যক্তি ক্যারিয়ার নয়; এই নির্বাচনের মধ্যদিয়ে যে প্যানেলের প্রার্থীই জয়ী হোক, প্রকৃত অর্থে জয়ী হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাকিব এসব কথা বলেন। এর আগে তিনি সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২১২ নম্বর কক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার নির্বাচন। দীর্ঘদিন ধরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, তা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুষ্ঠু ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে রাকিব বলেন, এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, প্রচারণার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন এবং কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করছেন।