মুশফিক হাওলাদার,লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু পুকুরে উল্টে পড়ে চালক মোঃ ইমাম হোসেনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের সময় হঠাৎ ভেকুর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে যায়। এতে ভেকুর ভেতরে আটকা পড়েন চালক ইমাম হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করে। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমাম হোসেন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজার এলাকার মোঃ হারুনের ছেলে। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও আত্মীয়স্বজন শোকাহত।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, এঘটনার একটি অপমৃত্যু মামলা হবে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।