মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধারসহ জাল নোট চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেবুছড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে এক হাজার টাকার নোটের ১২টি বান্ডিলে সংরক্ষিত মোট ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জাল নোট চক্রের সদস্য হাবিব উল্ল্যাহ (১৯), মো. আবুল হোসেন (৩২) ও আলী জোহার (২৮)-কে আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের পরস্পর যোগসাজশে জাল টাকার কারবারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই নয়ন দাশ।
এ বিষয়ে এসআই নয়ন দাশ জানান, জাল টাকার মূল উৎস শনাক্তসহ এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।