আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের সমন্বিত কার্যক্রমের যে ঐতিহ্য রয়েছে, এবারও তার কোনো ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বাহারুল আলম বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সব সদস্যদের কাছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তিনি এই প্রতিশ্রুতি দিতে চান যে, সর্বশক্তি ও সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন সফল, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। এ সক্ষমতা পুলিশের রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণে অব্যাহত সমর্থন প্রত্যাশা করে পুলিশ। সমাজের বিভিন্ন স্থানে ছোটখাটো দাবি-দাওয়া, সড়ক ও মহাসড়ক অবরোধ এবং অস্থিরতা সৃষ্টির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বন্ধ করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আইজিপির মতে, সর্বত্র আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত না হলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না।