শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদির বিদায়ে আবেগ সামলাতে না পেরে তারা চোখের জল ধরে রাখতে পারেননি।
শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ–তে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লাখো মানুষ অংশ নেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর।
জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখানে ঢেউয়ের মতো মানুষ আসছে; সারা বাংলাদেশজুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের দিকে তাকিয়ে আছে।
শুধু দেশেই নয়, বিদেশে থাকা বাংলাদেশিরাও এখন হাদির কথা জানতে চায়। তিনি বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আমরা আসিনি—তুমি আমাদের বুকের ভেতরেই আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির বুকে থাকবে।
শহীদ হাদির জানাজা মুহূর্তে কান্না, নীরবতা ও শোকের আবহে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।