ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি–এর জানাজা রাজধানীতে এক ঐতিহাসিক জনসমুদ্রে রূপ নেয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি ও পেশার লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোক ও শ্রদ্ধায় ভারী হয়ে ওঠে।
জানাজার নামাজে ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। নামাজ চলাকালে কান্না, নীরবতা ও গভীর আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে জানাজাস্থল। প্রিয় সহযোদ্ধাকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায়।
এই ঐতিহাসিক জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ছাত্রনেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নিয়ে শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানান।
জানাজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে ‘হাদি হাদি’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শহীদ শরিফ ওসমান হাদির এই জানাজা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি রূপ নেয় গণতন্ত্র, ন্যায়বিচার ও সার্বভৌমত্বের পক্ষে জনতার এক ঐক্যবদ্ধ প্রকাশে। লাখো মানুষের এই উপস্থিতি হাদির সংগ্রাম ও আত্মত্যাগকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখবে।