আগামী জাতীয় নির্বাচনে জনগণ রায় দিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীই সরকার গঠন করবে এবং দলের আমির ডা. শফিকুর রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন— এমন মন্তব্য করেছেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের বর্ণাঢ্য মিছিলে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দেশে আর ‘রাতের ভোটের’ মতো অপকর্মের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াত প্রস্তুত রয়েছে। তার ভাষায়, “যদি ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান, তবে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব বা দুর্নীতির কোনো স্থান থাকবে না।”
ড. ফয়জুল হক আরও বলেন, রাজাপুর–কাঁঠালিয়ায় অতীতের মতো কোনো অপরাধী চক্রকে আর ভোট দেওয়া হবে না। তিনি দাবি করেন, জনগণ এখন পরিবর্তন চায়— এমন একটি রাষ্ট্রব্যবস্থা চায় যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে, সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। কৃষক, শ্রমিক, ছাত্র, দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই হবে জামায়াতের প্রধান অঙ্গীকার।
তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় এলে ইসলামিক মূল্যবোধ, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশে প্রকৃত আইনের শাসন ফিরিয়ে আনা হবে এবং প্রশাসন থেকে দুর্নীতির মূল উৎপাটন করা হবে।
এর আগে রাজাপুর মডেল মসজিদ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন, যার ফলে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মো. ফরিদুজ্জামান, শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সাইদুর রহমান, উপজেলা আমীর মো. কবির হোসেন, নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।