গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, আগামী নির্বাচনে জিএমপি পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও কিশোর গ্যাং কার্যক্রম হ্রাসে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিকরা পুলিশের জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে সড়কে যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ, থানা পর্যায়ে সেবার মান উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার দাবি জানান তারা।
মতবিনিময় সভায় জিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।