মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছেন দলটির মনোনয়ন বঞ্চিত তিন পক্ষের নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় হঠাৎ করেই কয়েকশো নেতাকর্মী সড়কে উঠে বিক্ষোভ শুরু করেন। এতে মাওয়ামুখী লেনে যান চলাচলে সাময়িক অস্থিরতা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত কিছু নেতাকর্মী এক্সপ্রেসওয়ের ওপর বসে ও শুয়ে পড়েন। এতে চালকরা আতঙ্কিত হয়ে যানবাহন থামিয়ে দেন। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। তাঁর আহ্বানে নেতাকর্মীরা সরে দাঁড়ালে স্বাভাবিক হয় যান চলাচল।
এ সময় পুলিশও ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে। শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, “মনোনয়ন বঞ্চিত দুই পক্ষের প্রায় শতাধিক নেতাকর্মী হঠাৎ সড়কে উঠে আসেন। এতে মুহূর্তের জন্য যান চলাচল ধীরগতি হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিজে থেকেই স্বাভাবিক হয়ে যায়।”
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশ করেন মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, মমিন আলী ও ফরহাদ হোসেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা ছনবাড়ি এলাকায় পৌঁছে বিক্ষোভে অংশ নেন।
দলীয় সূত্রের দাবি, ঘোষিত প্রার্থীকে প্রত্যাহার করে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানাতে কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল। শনিবারের বিক্ষোভ সেই অসন্তোষের প্রকাশ মাত্র।