সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
শ্রমিক ও কৃষি যন্ত্রপাতির তীব্র সংকটের মুখে যখন পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন প্রান্তিক কৃষকরা, ঠিক তখনই তাদের সাহায্যে এগিয়ে এলো লালমনিরহাট জেলা কৃষকদল। অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর এই মানবিক কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা আজ (বুধবার) নিজেরাই কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন।
শ্রমিকদের অভাবে সময়মতো ধান কাটতে না পারার সমস্যা সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার মহেন্দ্রনগর এবং হারাটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হয়।
আজ দুপুরে মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের কৃষক এন্তাজুল হকের ২ একর (২০০ শতক) এবং অপর কৃষক সোলায়মান আলীর ৩০ শতক জমির ধান কেটে দেওয়া হয়।
একইভাবে, হারাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক আশরাফুল হকের ৪৫ শতক এবং সিরাজুল হকের ৪০ শতক জমির পাকা ধান কেটে দেন কৃষকদলের নেতাকর্মীরা। এই চারটি ক্ষেত্রে মোট ৩.১৫ একর (৩১৫ শতক) জমির ধান ঘরে তোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
কৃষকদলের এই মানবিক সহায়তায় ধান কাটতে পারায় কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।