সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সিরিয়াল ভেঙ্গে আগে এক্সরে করতে না দেওয়ায় হাসপাতালের এক কর্মী মারধরের শিকার হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের নিচ তলায় এক্সরে রুমে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার ওয়ার্ডবয় পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের ছেলে ফরহাদ (৩৩) ও শিমুল (২৮)৷
মারধরের শিকার পিয়াল হোসেন বলেন, ‘আজ অন্যায়ভাবে আমাকে মারধর করা হয়েছে। অথচ আমার কোনো অপরাধ ছিল না। আশা করি, পুলিশ দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে আসবে।’
সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা সেবা দেওয়ার জন্য এখানে চাকরি করি; কারও মারধরের শিকার হওয়ার জন্য নয়। আজ সিরিয়াল ভেঙে এক্স-রে না করায় হাসপাতালের এক্স-রের রুমে ডুকে যেভাবে স্টাফকে মারধর করা হয়েছে তা সত্যিই দুঃখজনক।’
এদিকে অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার ভেতর অভিযুক্তদের গ্রেপ্তার না হলে মানববন্ধনসহ কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।