সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) সখীপুর সরকারি কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে এই অস্থায়ী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনা এবং ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পরিচালনায় ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু ও প্রসূতিসহ অন্তত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
মানবিক এই সেবার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও দুস্থ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এধরনের উদ্যোগ গ্রামীণ ও প্রান্তিক জনগণের চিকিৎসা পাওয়া সহজ করে দেয়। তারা আশা করেন, এমন কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।
অস্থায়ী মেডিকেল ক্যাম্প কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, এটি বাংলাদেশ সেনাবাহিনীর চলমান মানবিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।