আলী আক্কাছ, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তাজা গুলি, ককটেল তৈরির উপকরণ, বিদেশি মুদ্রা ও একটি দেশীয় শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ভবনটির মালিক ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন— ভবনের মালিক আব্দুল হালিম মীর (৬০) ও তার দুই ছেলে শফিকুল মীর (৪০) এবং সোহেল মীর (৩৯)। তারা সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে তারা উত্তর কোটগাঁও এলাকায় পাঁচতলা ভবন নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভবনটি ঘিরে ফেলে ডিবির একটি দল। পরবর্তীতে আটক শফিকুল মীরকে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো স্থানে তল্লাশি চালিয়ে ভবনের বিভিন্ন কক্ষ ও গোপন স্থানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— প্রায় ১০০ রাউন্ড তাজা গুলি, একটি দেশীয় শটগান, বুলেটপ্রুফ জ্যাকেট, ৫টি হেলমেট, বিপুল ককটেল তৈরির সরঞ্জাম, এক বস্তা কাচের বোতল, কৌটা ও অন্যান্য উপকরণ, নগদ তিন লাখ টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।