রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ সহ ৩ দফা দাবিতে অনশন কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশ্বাস প্রদান করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাতের এক পর্যায়ে তিনি এই কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম বলেন, “জকসু নিয়ে আমরা কাজ করছি। অক্টোবর-নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের তথ্য নেওয়া শুরু হয়ে যাবে। তাছাড়া নির্বাচনের আগে আরও কিছু কাজ থাকে সেগুলো করে ফেলার চেষ্টা করছি। নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়।”
অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য সম্পূরক আবাসন বৃত্তি নিয়ে তিনি আরও বলেন, “সম্পূরক আবাসন বৃত্তির বিষয়ে কাজ হচ্ছে, শীঘ্রই শিক্ষার্থীরা বৃত্তি পারে।”
সবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “লাইব্রেরিতে এসির কাজটি হবে, প্রক্রিয়াধীন।”
প্রসঙ্গত, বুধবার সকাল দুপুর থেকে জকসুসহ ৩ দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষার্থীরা।
তিন দফা দাবিগুলো হলো:
১। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।
২। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৩। ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।
জবি উপাচার্যের আন্দোলনরত শিক্ষার্থীদের এই সাক্ষাৎ শেষে; প্রদাকৃত আশ্বাসের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীরা।