ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এরপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আবিদুল ইসলাম খান বলেন,
“গতকাল মধুর ক্যান্টিনের সামনে আমি বলেছিলাম, ছাত্রদলের প্যানেল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ, আমাদের প্রার্থী নির্বাচিত হয়েছে অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে। অন্য সংগঠনের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক চাইলে নিজেরাই প্রার্থী হতে পারতেন, কিন্তু তারা শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে আমাদের সামনে এগিয়ে দিয়েছেন। কিন্তু আমার এই বক্তব্যকে বিকৃত করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক মাধ্যম গ্রুপে অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদসহ কিছু গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এটি নিঃসন্দেহে নির্বাচনী পরিবেশের জন্য বড় হুমকি। এমনকি আমাদের দেওয়া প্রকৃত ঘটনার পোস্টও মুছে ফেলা হচ্ছে। এতে পুরো ছাত্রদল সাংগঠনিকভাবে উদ্বিগ্ন।”
এসময় তিনি মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন,
“রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করা উচিত, অপপ্রচার চালিয়ে নয়।”
পাশাপাশি যারা নির্বাচন ঘিরে পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।