সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান ও কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড শেখ আব্দুল্লাহ আল মামুন।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, কেরানীগঞ্জ দক্ষিণ থানার হাসনাবাদ, দোলেশ্বর ও কাটুরাইল এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। সরেজমিন দেখা গেছে, নদীর সীমানা অতিক্রম করে এক থেকে দেড় একর জায়গা জুড়ে অবৈধভাবে বাংলোবাড়ি গড়ে তোলা হয়েছিল। এরই অংশ হিসেবে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়িতে অভিযান চালায় সংস্থাটি।
কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিট মামলার রায় অনুযায়ী নদীর জায়গা দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশনার ভিত্তিতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ আরও জানায়, নদীর সীমানা পিলারের ভেতরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে অবস্থান করছেন।
উল্লেখ্য, নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দখলদারদের উচ্ছেদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিআইডব্লিউটিএ। এর অংশ হিসেবেই সাবেক প্রতিমন্ত্রীর বাংলোবাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো।