সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) এর উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জিবিপিএস এর শিক্ষক উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, “আমার কাছে মনে হয় কথার থেকে উত্তম হলো চিত্র। চিত্রের উপর নির্ভর করেও এআই তৈরি হচ্ছে। এর মধ্যে আসল ও এআই এর তৈরি চিত্র শিক্ষার্থীরা বের করতে পারবে। চিত্র গ্রহীতারা গুরুত্বপূর্ণ চিত্রকে ধারণ করে থাকে।”
জিবিপিএস এর সভাপতি আল রানিম বলেন, “আলোকচিত্রে বদলাই চিন্তার দৃষ্টিকোণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি কাজ করে যাচ্ছে। আলোকচিত্র শুধু শিল্প নয়, এটি সময়কে ধরে রাখার অসাধারণ মাধ্যম।”
তিনি আরো বলেন, “বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে গবিতে আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। এই দিবসে আমরা প্রতিজ্ঞা করি—ছবির মাধ্যমে সত্য, সৌন্দর্য এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেব।”
র্যালিতে সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) শারমিন সুলতানা ছাড়াও কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং আবেদনকারীরা অংশগ্রহণ করেন।