“নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি?”—সাংবাদিকদের এক প্রশ্নে এমনই জবাব দিলেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গতকাল এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছিলেন, “ইসির মেরুদণ্ড নেই”—এই বক্তব্য ঘিরেই সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও অবস্থান নিয়ে। জবাবে সচিব বলেন, “আমি তো কমিশনের অংশ। আমি দাঁড়িয়ে কথা বলছি, এটাও কি প্রমাণ নয় যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে?”
সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসবে। এই দলে থাকবেন তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় পর্যবেক্ষক। তারা নির্বাচনের পরিবেশ এবং ইসির প্রস্তুতি যাচাই করবেন। ইতিমধ্যেই বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে পারে বলে আলোচনা চলছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এরই মধ্যে সুনির্দিষ্ট তফসিল ও সময়সীমার দাবি জানিয়ে রেখেছে।
সংস্কার ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির মাঝেই এই মন্তব্য নির্বাচনী উত্তাপের নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনের এই দৃঢ় অবস্থান রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরাতে কতটা কার্যকর হয়।