কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে কুয়াকাটার মীরাবাড়ী এলাকায় সমুদ্রের পাড়ে ব্লকের ওপর ভেসে আসা মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরবর্তীতে নিহতের ছেলে নাসির হাওলাদার ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, তার বাবা নজরুল হাওলাদার গত ২৩ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির শিকার হন এবং সেই থেকে নিখোঁজ ছিলেন।নাসির হাওলাদার বলেন, আমার বাবার কোমরে একটি সুতায় জালের লোহা বাঁধা ছিল। তিনি গায়ে গেঞ্জি ও রেইনকোট পরে ছিলেন। এসব দেখে আমরা তাকে শনাক্ত করেছি। বাবার মৃত্যুর জন্য কাউকে দায়ী করছি না।
ঘটনাস্থলে উপস্থিত নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।