চট্টগ্রামের বাঁশখালীতে এক ওলামা সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পির সাহেব চরমোনাই) বলেছেন, “আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ করে আগামী দিনে দেশ গড়তে চাই। যারা আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তারা ভুলে যান।”
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় বাঁশখালী চাম্বল মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলনে এ বক্তব্য রাখেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন চাম্বল মাদ্রাসার মুহতামিম পিরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পির আরও বলেন, “আলেম-ওলামারা শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তাঁদের দায়িত্ব অপরিসীম। আমরা কোনো দলের দালালি করি না, বরং ইসলামের আলোকে দেশ পরিচালনার কথা বলি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামজা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, জামায়াত ইসলামীর বাঁশখালী সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল ও অন্যান্য ওলামা-মাশায়েখ।
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম। বক্তারা দেশের রাজনৈতিক-সামাজিক পরিবর্তনে আলেম সমাজের ঐক্য ও কার্যকর ভূমিকাকে জরুরি বলে মন্তব্য করেন।