সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে ও দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর হাসপাতালের নার্স কোয়ার্টার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—সদর উপজেলার তেলিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৩৭) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে তুষার চন্দ্র (১৮)। সাইফুল হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক নৈশপ্রহরী হিসেবে ১১ বছর ধরে কর্মরত ছিলেন।
তিনি প্রতিদিনের মতো রোববার রাতেও বিদ্যালয়ে থাকেন। সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষকরা ৫ম শ্রেণির শ্রেণিকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
অন্যদিকে, দুপুরে সদর হাসপাতালের নার্স কোয়ার্টারে স্টাফ নার্স কনক রানীর ঘর থেকে কলেজছাত্র তুষার চন্দ্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তুষার আদিতমারী উপজেলার একটি সরকারি কলেজের ছাত্র এবং কনক রানীর ভাতিজা বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, “দুইটি সরকারি প্রতিষ্ঠানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।