সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকার টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় যুবক। রোববার (২৯ জুন) রাত ১১টার দিকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় প্রেমিকার বাড়ি থেকে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের বহরমপুর শহরের বাসিন্দা আরিয়ান মির্জা দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচিত হন উত্তর বিছনদই এলাকার এক তরুণীর সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তরুণী বিয়ের আশ্বাস দিলে ভালোবাসার টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি।
রোববার সকালে প্রেমিকার বাড়িতে উপস্থিত হলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে আরিয়ান মির্জা বলেন, “দুই বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমি তাকে ভালোবাসি বলেই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছি। এখন আমি শুধু বাড়ি ফিরে যেতে চাই।”
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, “ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাকে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকায় এমন ঘটনা বিরল হলেও প্রেমের কারণে একজন বিদেশি যুবকের এই সাহসিকতা আলোচনার জন্ম দিয়েছে। তবে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।