নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পানির পাম্প শনিবার সকাল থেকে বিকল রয়েছে। মেরামতের ব্যবস্থা নিচ্ছেন না গণপূর্ত অধিদপ্তর। এতে চরম দুর্ভোগে পড়েছে স্টেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ।
এছাড়াও কোথাও কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গাড়ীতে সংরক্ষিত পানি ব্যতীত প্রয়োজনে পানি সংগ্রহ করার নেই কোন ব্যবস্থা। এতে ঘটে যেতে পারে যেকোন বড় ধরণের দুর্ঘটনা। তবে গণপূর্ত অধিদপ্তরের দাবি পানির পাম্প বিকল হওয়ার বিষয়টি তারা জানেন না।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা শহরের অজহর রোডে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস। এ স্টেশনে একজন উপ সহকারী পরিচালক, একজন সিনিয়র স্টেশন অফিসার ও ৩৫ জন স্টাফ রয়েছে।
গত শনিবার সকালে ফায়ার স্টেশনের পানির পাম্প বিকল হয়। পরে গণপূর্ত অফিসকে বিষয়টি অবগত করেন তারা। এরপরও মেরামতের কোন উদ্যোগ নেয় না গণপূর্ত অধিদপ্তর। রবিবার বিকাল ৪ টা পর্যন্ত মেরামত করা হয়নি।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, দুদিন হয়েছে অফিসের পানির পাম্পের বিদ্যুতের বোর্ড পুড়ে বিকল হয়ে আছে। এটি মেরামতের জন্য গণপূর্ত অধিদপ্তর এর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এখনো মেরামত করা হয়নি। তবে শঙ্কায় আছি যদি কোথাও কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে আমাদের গাড়িতে সংরক্ষিত পানি ব্যতীত আর পানি উঠানোর ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হবে। পাম্পটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারজান আনোয়ার জানান, নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পাম্প বিকলের বিষয়টি জানেন না।
তবে কিছুদিন ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পানির পাম্প ডিস্টার্ব করতেছে। বরাদ্দ না থাকায় আমরা নতুন পাম্প সরবরাহ করতে পারছি না। তবে বরাদ্দ পেলে নতুন পাম স্থাপন করা হবে।