ইরফান উল্লাহ, ইবি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্ৰেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন। এছাড়াও তৌহিদুল ইসলাম, রুকনুজ্জামান, আসাদ তৌফিক, আলামিন, রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী, হত্যাকারীর ঠাঁই হবে না। আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বর্জ্রকন্ঠে রাজপথে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠে একজন ছাত্রের মৃত্যু বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত। জুলাই আগষ্টের আন্দোলনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন করেছে। অনেক নেতাকর্মী শহীদ হয়েছে।
কিন্তু ৫ আগষ্টের পরেও ছাত্রদলের নেতাকর্মীরাই খুনের শিকার হচ্ছে। কিন্তু এতো হত্যার পরেও বর্তমান সরকার দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। অতি দ্রুত এই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।