ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, আজকের বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে ডেকে তারা কোনো সমাধান দিতে পারেননি।
এর পরিপ্রেক্ষিতে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির দিকে যাবে। খুব দ্রুতই এ কর্মসূচির বিষয়ে জানানো হবে।
তিনি বলেন, আমাদের কর্মসূচি যেভাবে চলছিল সেভাবেই চলবে। জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করবো। বর্তমানে ব্লকেড কর্মসূচি শিথিল রয়েছে। যদি আমাদের হার্ডলাইনে যেতে হয় সেটি আমরা পরবর্তীতে জানিয়ে দেবো।