সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

স্বাস্থ্য

ক্যানসারের চিকিৎসায় টিকার ব্যবহার শুরু সেপ্টেম্বরেই

ক্যানসারের চিকিৎসা কতটা জটিল ও ব্যয়বহুল তা সবারই জানা।তবে সেই জটিলতা কাটাতে রুশ গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল ক্যানসারের টিকা। চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে বলে জানা গেছে। রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, সেপ্টেম্বরেই মিলতে পারে সংস্থাটির তৈরি ক্যানসারের টিকা। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে […]

নিউজ ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৫, ১৮:২৪

ক্যানসারের চিকিৎসা কতটা জটিল ও ব্যয়বহুল তা সবারই জানা।
তবে সেই জটিলতা কাটাতে রুশ গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল ক্যানসারের টিকা। চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে বলে জানা গেছে।

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, সেপ্টেম্বরেই মিলতে পারে সংস্থাটির তৈরি ক্যানসারের টিকা। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। খবর আরটি’র।

গিন্টসবার্গ বলেন, চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে আবেদন করেছি। আগস্ট শেষ হওয়ার আগেই সম্ভবত অনুমোদন দেয়া হতে পারে বলে আভাস পেয়েছি আমরা।
মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বর থেকে চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার করা সম্ভব হবে।

তিনি আরও জানান, যাদের ইতোমধ্যে ক্যানসার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগপ্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে।
এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তিই ক্ষতিকর ক্যানসার কোষগুলোকে প্রথমে শনাক্ত ও পরে ধ্বংস করে।

চলতি বছর আরও কয়েকটি ক্যানসারের ওষুধ এবং টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান গিন্টসবার্গ। কারণ রাশিয়ার অনেক সরকারি-বেসরকারি কোম্পানি এখন এ সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে।

ভ্যাকসিনটি সম্পর্কে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এর আগে বার্তা সংস্থা তাসকে বলেছিলেন, ‘পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেসগুলোকে দমন করে রাখে, ছড়াতে দেয় না।

রাশিয়ার ভ্যাকসিন প্রধান আন্দ্রে কাপ্রিনের মতে, এখন ব্যক্তিগত ভ্যাকসিন তৈরি করতে বেশ দীর্ঘ সময় লাগে; কারণ গাণিতিক ভাষায় একটি ভ্যাকসিন, বা কাস্টমাইজড এমআরএনএ কীভাবে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে তার কম্পিউটিং করা হয়।
আমরা ইভানিকভ ইনস্টিটিউটকে যুক্ত করেছি যা এটি করতে এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) ওপর নির্ভর করবে।
মানে নিউরাল নেটওয়ার্ক কম্পিউটিংয়ের মাধ্যমে এই পদ্ধতিগুলো প্রায় ৩০ মিনিট থেকে এক ঘন্টা সময়ের মধ্যে করা সম্ভব হবে।

স্বাস্থ্য

তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে সাড়ে ১২ হাজার জনবল নিয়োগ

দেশের হাসপাতালগুলোতে জনবল সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নিউজ ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৯

দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের ঘাটতি কমাতে আগামী তিন মাসে ১২ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার জন নার্স।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যাপ্ত জনবল না থাকলেও চিকিৎসক ও নার্সরা শ্রম দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের জন্য নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালের নিরাপত্তা বাড়াতে আরও পুলিশ ক্যাম্প চালু করা হবে। একই সঙ্গে আনসার ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেনের মতে, চিকিৎসক ও রোগী একে অপরের প্রতিপক্ষ নন। উভয় পক্ষের সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ইতোমধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পরামর্শক নিয়োগের দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কার্যক্রম চলছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।

সিলেটে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য খাতের ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের স্বাস্থ্যসেবার মান বাড়াতে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এগুলো হলো বিশেষায়িত শিশু হাসপাতাল, ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউট এবং ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল।

অসম্পূর্ণ ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ শেষ করে দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫০ শয্যার হাসপাতালটি চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের চিকিৎসাসেবায় বড় পরিবর্তন আসবে।

পরিদর্শনের সময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।