মোঃ মেহেদী হাসান,ঢাকা (মহানগর প্রতিনিধি)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ১৩০টি আসনের জন্য এবার আবেদন করেছিল মোট ৬,০৮৩ জন শিক্ষার্থী। এর ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করতে হচ্ছে প্রায় ৪৭ জন শিক্ষার্থীকে।
পরীক্ষার মান বণ্টন ছিল মোট ১০০ নম্বরের। এর মধ্যে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান (ন্যায়বিত্তিক) এবং ৬০ নম্বরের ফিগার ড্রইং। পাশের জন্য ন্যূনতম ৪০% নম্বর অর্জন করতে হবে।
ফারজানা নামের এক পরীক্ষার্থী জানান, “এবারের প্রশ্নপত্র তুলনামূলক সহজ হয়েছে। তাই প্রতিযোগিতা অনেক বেশি হবে। তবে ফিগার ড্রইংয়ে প্রতিযোগিতা কিছুটা কম হতে পারে।”
এদিকে, কিছু পরীক্ষার্থী জানিয়েছেন, তারা এই ভর্তি পরীক্ষাকে মডেল টেস্ট হিসেবে ব্যবহার করছেন। তাদের মধ্যে অনেকেই মূলত অন্যান্য অনুষদ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পরীক্ষার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হলেও জানুয়ারির ২৫ তারিখে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
চারুকলা অনুষদের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এখন অপেক্ষা ফলাফল ঘোষণার, যা নির্ধারণ করবে কে পাবে কাঙ্ক্ষিত আসন।