সাংবাদিকতা পেশাকে আরও সহজ ও স্বাধীন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে ইচ্ছা করলেই যে কেউ অনলাইন নিউজ পোর্টাল খুলতে পারবেন না এবং সাংবাদিকতা করতে হলে নিবন্ধন থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার সাংবাদিকতা সহজ ও স্বাধীন করতে চায়। এ জন্য অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে। তবে নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, তাঁর দেশে ফেরার প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না বলেও মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে দেশে অবস্থানরত দলটির অন্য নেতাকর্মীদের বিপদে ফেলছেন। অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।