ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের আন্দোলনে ভবিষ্যতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে ঢাকাকে বিশ্বের ফিলিস্তিনপন্থী সংহতির কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘কেফিয়া র্যালি’তে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ফিলিস্তিন মুসলমানদের আবেগ ও ভালোবাসার জায়গা। অবরুদ্ধ গাজা বর্তমানে বিশ্বের অন্যতম মানবিক সংকটের কেন্দ্র। গত তিন বছরে ইসরায়েলি হামলায় ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখ করেন ডাকসু ভিপি।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, বাংলাদেশের আন্দোলনেও ফিলিস্তিনের পতাকা ধারণ করে স্বাধীনতার পক্ষে সংহতি জানানো হয়েছিল। ভবিষ্যতেও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, শরীরে যতদিন রক্ত থাকবে, ততদিন বিশ্বের নির্যাতিত মানুষের অধিকার আদায়ের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। প্রয়োজনে জীবন দিতেও পিছপা হবেন না বলে অঙ্গীকার করেন তিনি।