ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত করা সম্ভব হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ালেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তা না হলে দেশে বেকারত্ব কমানো কঠিন হয়ে পড়বে।
প্রধানমন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত ও গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক এবং কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।