ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সাজাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গ্রেপ্তারের ঝুঁকি থাকলেও দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ইতোমধ্যে ভারত থেকে কয়েকশ নেতাকর্মী বাংলাদেশে ফিরেছেন বলে জানা গেছে।
বিবিসি বাংলার শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের পলাতক কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় দেখা গেছে। নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকায় তাদের যাতায়াতের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় যান আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা। পরে বুধবার (২৫ নভেম্বর) তাদের একটি দল আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
বিবিসি বাংলার দাবি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে দলটির নেতৃত্ব। সীমান্ত-সংলগ্ন এলাকায় শীর্ষ নেতাদের সাম্প্রতিক সফরও এসব পরিকল্পনার অংশ বলে ধারণা করা হচ্ছে। তবে কোন পরিকল্পনা চূড়ান্ত করা হবে, সে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন।
এ ছাড়া ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন ইতোমধ্যে আগরতলা ছেড়েছেন। বাকিদেরও শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন ছিলেন। তাদের কয়েকজন এর আগে পেট্রাপোল সীমান্ত এলাকাতেও গিয়েছিলেন।
তবে দুই সীমান্তেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেননি তারা। বাইরে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের দাবি, ভারতীয় কর্মকর্তারা তাদের চলাচলের ওপর নজর রাখছিলেন।
এদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলটির অনেক নেতাকর্মী দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দেশে ফিরে গ্রেপ্তারসহ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতিও নিচ্ছেন তারা।
প্রতিবেদন অনুযায়ী, গত দেড় মাসে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক তরুণ ও যুবক বাংলাদেশে ফিরেছেন। ভারত ছাড়াও অন্যান্য দেশে অবস্থানরত কয়েকজন নেতাকর্মী দেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে তাদের সঠিক সংখ্যা প্রকাশ করতে চান না দলটির নেতারা। তাদের আশঙ্কা, তথ্য প্রকাশ হলে ফিরে আসা নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।
অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করছে।
তবে ভারতের কয়েকজন বিশ্লেষকের মতে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম।
এ ছাড়া আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করার পরও শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাংলাদেশ সরকার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে আইনি প্রক্রিয়ায় তার দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়লেও তাদের চূড়ান্ত পরিকল্পনা কী হবে, তা এখনো স্পষ্ট নয়।